প্রকাশিত:
গতকাল

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ-২ আসনের আংশিক ফলাফল পাওয়ার পর শিশির মনির তার পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন,
আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সুনামগঞ্জ-২ আসনের ১১১টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। অন্যদিকে, শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। এই কেন্দ্রগুলোতে সিপিবি প্রার্থী নিরঞ্জন দাস (কাস্তে) কোনো ভোট পাননি।
বর্তমানে ৮২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী ৩১ হাজার ৮২২ ভোটের বিশাল ব্যবধানে তার অগ্রগামিতা ধরে রেখেছেন। আসনটিতে এখন মাত্র ২৯টি কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে ৪১টি কেন্দ্রের ফলাফল হাতে পাওয়ার পরই হার মেনে নেন শিশির মনির। তখন ধানের শীষের প্রার্থী ১৮ হাজার ৭০০ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এমন পরিস্থিতিতে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই উদারতা দেখিয়ে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। শিশির মনিরের এই অভিনন্দন বার্তা রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।