প্রকাশিত:
২ ঘন্টা আগে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, আর তালিকার একেবারে নিচে অবস্থান করছে ইতালি।
আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত। ২৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং ২৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ২৫১, আর ২৪১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে এক ধাপ এগিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩–০ ব্যবধানে সিরিজ জয়ের পর ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে ষষ্ঠ স্থানে। ফলে এক ধাপ পিছিয়ে ২৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা রয়েছে অষ্টম স্থানে, তাদের রেটিং পয়েন্ট ২২৭।
নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই নবম স্থানে আছে টাইগাররা।
বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া স্কটল্যান্ড র্যাঙ্কিংয়ে রয়েছে ১৪তম স্থানে। আর ২৭তম স্থানে থাকা ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।