প্রকাশিত:
১ ঘন্টা আগে

চার দলের এই টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ীই দাপট দেখিয়েছে বাংলাদেশ। নেপাল, ভারত ও ভুটানের বিপক্ষে টানা তিন জয়ে নয় পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে শেষ করেছে লাল-সবুজের মেয়েরা। ভারত ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী এই দুই দলই ফাইনালে মুখোমুখি হচ্ছে।
এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮–০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত থাকায় কোচ পিটার বাটলার একাদশে কিছু পরিবর্তন আনেন। তবুও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ।
ম্যাচের তৃতীয় মিনিটেই লিড পায় বাংলাদেশ। মামনি চাকমার কর্নারে নেপালের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে বক্সের সামনে থেকে নিখুঁত শটে গোল করেন প্রতিমা মুন্ডা। পিছিয়ে পড়ার পর নেপাল কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে শান্তি মারডি ও আলপি আক্তার মাঠে নামলে আক্রমণে নতুন গতি পায় বাংলাদেশ। ইনজুরি সময়ে আলপি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি নেপাল। কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় আরও নিশ্চিত করেন আলপি। পরে আরেকটি গোল যোগ হলে ব্যবধান দাঁড়ায় ৪–০। ম্যাচের শেষ দিকে নেপাল লাল কার্ড দেখে দশ জনে পরিণত হলেও স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি।
গ্রুপ পর্বে তিন ম্যাচে ১৮ গোল করে একটিও গোল হজম না করেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে রাউন্ড রবিনে ২–০ গোলের জয়ের অভিজ্ঞতা মানসিকভাবে এগিয়ে রাখবে অর্পিতা-আলপিদের।