প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর, ২০২৫

আজ ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে পারেনি। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আগামী ৪ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন।
সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। ধারণা করা হয়, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় এই অর্থপাচার সংঘটিত হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এ মামলার তদন্তভার একদিন পর সিআইডিকে দেওয়া হয়।