প্রকাশিত:
গতকাল

টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। ওপেনার কুইন্টন ডি কক (৪১ বলে ৫৯) এবং রায়ান রিকেলটন (২৮ বলে ৬১) ১১৪ রানের বিধ্বংসী জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শেষদিকে ডেভিড মিলার ও মার্কো জানসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮৭ রান পর্যন্ত পৌঁছায় প্রোটিয়ারা। আফগানদের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই ৩টি ও রশিদ খান ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৪২ বলে ৮৪ রানের (৪টি চার ও ৭টি ছক্কা) টর্নেডো ইনিংসে জয়ের পথেই ছিল আফগানিস্তান। তবে গুরবাজ ও ওমরজাই ফেরার পর ম্যাচ কঠিন হয়ে পড়ে। শেষ ৩ বলে যখন মাত্র ১ রান প্রয়োজন, তখন ফজলহক ফারুকি রান আউট হলে ১৯.৪ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
লুঙ্গি এনগিডির করা প্রথম সুপার ওভারে আজমতউল্লাহ ওমরজাই দুই চার ও এক ছক্কায় ১৭ রান তোলেন। ১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকাও ঠিক ১৭ রান সংগ্রহ করলে আবারও টাই হয়। নিয়ম অনুযায়ী খেলা গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।
দ্বিতীয় দফার লড়াইয়ে আগে ব্যাট করে ২৩ রানের পাহাড়সম পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ বলেই ১৯ রান তুলে ফেলেছিল আফগানিস্তান। কিন্তু শেষ বলে ৫ রানের সমীকরণ আর মেলাতে পারেননি আফগান ব্যাটাররা। ফলে রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।