প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে আসল নোটের ডিজাইন এবং আকার হুবহু অনুকরণ করে বড় আকারের ‘নমুনা নোট’ প্রদর্শন করা হচ্ছে। এই সব নমুনা নোট ব্যবহার করে এক শ্রেণির অসাধু চক্র অবৈধ মার্কেটিং কার্যক্রম পরিচালনা করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, আসল টাকার আদলে তৈরি যেকোনো কাগজ ব্যবহার করে প্রচারণা চালানো একটি গুরুতর ফৌজদারি অপরাধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনসমাগমস্থলে বা বাজারে আসল নোট সদৃশ কাগজ ব্যবহার জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর বিধান অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।”
কেন্দ্রীয় ব্যাংক সবাইকে আসল নোট সদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপদ লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের পরামর্শ:
যেকোনো উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর তথ্যের সত্যতা যাচাই করতে হবে।
আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।
নোটের বৈশিষ্ট্য এবং নিরাপদ লেনদেনের বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নোট জালকারী বা বিভ্রান্তি সৃষ্টিকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।