প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী, ২০২৬

এবারের আসরে বড় চমক দেখিয়েছেন ‘সিনার্স’ ছবির পরিচালক রায়ান কুগলার। বাফটার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি। ছবিটি পার্শ্ব অভিনেত্রী (উনমি মোসাকু) ও মৌলিক সংগীতসহ (লুডভিগ গোরানসন) মোট তিনটি বড় পুরস্কার ঘরে তুলেছে।
সেরা অভিনেতা বিভাগে টিমোথি শ্যালমে বা লিওনার্দো ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে সবাইকে চমকে দিয়েছেন তরুণ অভিনেতা রবার্ট অ্যারামায়ো। ‘আই সয়্যার’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। অন্যদিকে, ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। জেসি বাকলির এই সিনেমাটি ‘সেরা ব্রিটিশ চলচ্চিত্র’ হিসেবেও নির্বাচিত হয়েছে।
সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে রাজনৈতিকভাবে আলোচিত সিনেমা ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’। অ-ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে নরওয়ের ইয়োকিম ট্রিয়ারের ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
গিয়ের্মো দেল তোরের ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ প্রোডাকশন ডিজাইন ও মেকআপে নিজের মুন্সিয়ানা দেখিয়েছে। অ্যানিমেশন প্রেমীদের জন্য সুখবর বয়ে এনেছে ‘জুটোপিয়া ২’, যা সেরা অ্যানিমেটেড ফিল্মের পুরস্কার জিতেছে। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ অনুমিতভাবেই ভিজ্যুয়াল এফেক্টস বিভাগে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যালান কামিং, যার রসবোধ এবং বর্তমান বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে দেওয়া বক্তব্য দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।