প্রকাশিত:
গতকাল

মনিরা আক্তার মিঠু জানান, একটি দ্রুতগামী গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫) পেছন থেকে তাঁর গাড়িটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অভিনেত্রীর বড় ছেলে উপন্যাস গাড়িটি থামানোর চেষ্টা করলে এবং প্রতিবাদ জানালে ওই গাড়িতে থাকা দুজন ব্যক্তি গাড়ি থেকে নেমে তাঁকে বেধড়ক মারধর করে।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে মিঠু লিখেছেন, "কিছুক্ষণ আগে এই গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে। আমার বড় ছেলে উপন্যাস ওই গাড়িটিকে আটকাতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুজন।"
হামলার শিকার মুশফিক ইসলাম উপন্যাস চোখে প্রচণ্ড আঘাত পেয়েছেন বলে জানা গেছে। মিঠু জানান, তাঁর ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর দৃশ্য পথচারীরা মোবাইল ফোনে ধারণ করেছেন। ঘটনার পরপরই আহত উপন্যাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার ঘটনায় বিচার পেতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন মনিরা মিঠু। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলা করতে যাচ্ছেন।
মনিরা মিঠু গণমাধ্যমকে বলেন, "আমার ছেলে বর্তমানে চিকিৎসাধীন। হামলাকারীরা পালিয়েছে কিন্তু আমাদের কাছে তাদের গাড়ির নম্বর এবং ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। আমি থানায় যাচ্ছি মামলার জন্য।"
উল্লেখ্য, বড় পর্দায় এবং ছোট পর্দায় সমান জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। হঠাৎ করেই প্রকাশ্য রাস্তায় তাঁর পরিবারের ওপর এমন হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। সহকর্মী ও ভক্তরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।