প্রকাশিত:
গতকাল

এদিনের অনুষ্ঠানের বিশেষত্ব ছিল উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে আধুনিক সুরের মিলন। অরিজিতের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের কন্যা আনুশকা শঙ্কর এবং প্রখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষ।
অনুষ্ঠানের শুরুতে অরিজিৎ বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তবলা বাদক বিক্রম ঘোষের পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর নিজের জনপ্রিয় কিছু সিনেমার গানের অংশ দিয়ে শুরু করলেও দ্রুতই তিনি শাস্ত্রীয় সুরের গভীরে প্রবেশ করেন। আনুশকার সেতারের মূর্ছনা আর অরিজিতের সরগম ও বন্দিশে মোহাবিষ্ট হয়ে পড়েন উপস্থিত হাজারো দর্শক।
অরিজিতের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, তিনি এখন সঙ্গীতের চেয়ে সিনেমা নির্মাণের দিকে বেশি মনোযোগী হতে চান। দীর্ঘদিনের ইচ্ছা পূরণে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
অরিজিতের প্রথম পরিচালিত সিনেমার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েল সিং যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে দাপুটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। বর্তমানে শান্তিনিকেতনের মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ চলছে।
প্লেব্যাক ছাড়লেও মঞ্চে তাঁর উপস্থিতি ভক্তদের মনে আশা জাগিয়েছে যে, সরাসরি পারফরম্যান্সে হয়তো তাঁকে মাঝেমধ্যেই পাওয়া যাবে। তবে নির্মাতা হিসেবে তিনি কতটা সফল হন, এখন সেটাই দেখার বিষয়।