প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী, ২০২৬

কয়েক সপ্তাহ আগে সিরিজটির প্রচার শেষ হলেও এখনো ‘টিয়া’ চরিত্রের রেশ কাটেনি ১৯ বছর বয়সী এই অভিনেত্রীর মন থেকে। টিএন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াসমিনা বলেন, "টিয়াকে কিছুতেই ভুলতে পারছি না। এর আগে অনেক কাজ করলেও কোনো চরিত্র নিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। এটি আমার জন্য একেবারেই অন্যরকম এক অনুভূতি।"
একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘মিডটার্ম’ সিরিজটি মিসরের তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্যারিয়ারের শুরুতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই সিরিজে প্রথমবারের মতো প্রধান চরিত্রে দেখা গেছে ইয়াসমিনাকে। তবে এই পথচলা সহজ ছিল না।
তিনি জানান, নিজের বয়সের উপযোগী সঠিক চিত্রনাট্য খুঁজে পেতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। ইয়াসমিনা বলেন, "আমি এমন কোনো চরিত্র পাচ্ছিলাম না যা আমার বয়সের সঙ্গে মানানসই। কোনোটা ছিল বয়সের তুলনায় অনেক বড়, আবার কোনোটা অনেক ছোট। মিডটার্ম সেই তৃপ্তিটা দিয়েছে।"
অভিনয়ের পাশাপাশি ইয়াসমিনা সংগীতেও সমানতালে দ্যুতি ছড়াচ্ছেন। গত ডিসেম্বরে তার প্রকাশিত গান ‘ডাম্মা’ বিশ্বখ্যাত বিলবোর্ড তালিকায় স্থান করে নিয়েছিল। মাত্র ৯ বছর বয়সে অভিনয় এবং ১২ বছর বয়সে গানের জগতে পা রাখা এই শিল্পী এখন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে দুটি মাধ্যমেই কাজ করছেন।
দর্শকদের ভালোবাসা ও আস্থা অর্জনের বিষয়ে সজাগ ইয়াসমিনা মনে করেন, এই জনপ্রিয়তা ধরে রাখাই এখন তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, "মানুষের এই আস্থা আমি পরিশ্রম দিয়ে অর্জন করেছি, এখন এটি ধরে রাখার দায়িত্ব আমার।"