প্রকাশিত:
গতকাল

প্রযুক্তি বিশ্বের মানচিত্র বদলে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয় যে, মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-কে অধিগ্রহণ করেছে। এই একীভূতকরণের ফলে গঠিত নতুন সত্তার বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার, যা একে বিশ্বের অন্যতম মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত করেছে।
দুই কম্পানি সোমবার স্পেসএক্সের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই একীভূত হওয়ার ঘোষণা দেয়।
ইলন মাস্ক তার ব্লগে এই একীভূতকরণকে ‘পৃথিবী এবং এর বাইরের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভাবনী ইঞ্জিন’ হিসেবে অভিহিত করেছেন। এর মাধ্যমে স্পেসএক্সের রকেট প্রযুক্তি, স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক এবং এক্সএআই-এর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রোক’ (Grok) এখন একই ছাতার নিচে কাজ করবে। এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-ও এখন এই বড় কাঠামোর অংশ।
এই বিশাল চুক্তির পেছনে মাস্কের একটি বৈপ্লবিক চিন্তা কাজ করছে—মহাকাশভিত্তিক ডেটা সেন্টার।পৃথিবীতে এআই প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। মহাকাশে সরাসরি সৌরশক্তি ব্যবহার করে এবং মহাশূন্যের প্রাকৃতিক শীতলতাকে কাজে লাগিয়ে এই খরচ ও পরিবেশগত প্রভাব কমিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। স্পেসএক্সের বিশাল রকেট ‘স্টারশিপ’ ব্যবহার করে কক্ষপথে লক্ষ লক্ষ এআই স্যাটেলাইট পাঠানোর প্রক্রিয়া এখন আরও সহজ হবে।
স্পেসএক্স এসএআই-এর গ্রোক চ্যাটবট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সসহ এক্সএআই-এর অন্যান্য সম্পদও অর্জন করবে। এই অধিগ্রহণের কারণ হিসেবে মাস্ক মহাকাশভিত্তিক ডেটাসেন্টার স্থাপনের পরিকল্পনাকে উল্লেখ করেছেন।
এক্সএআই এই বছরের শুরুতে এক্স প্ল্যাটফর্মকে সব-স্টক লেনদেনের মাধ্যমে অধিগ্রহণ করেছিল। এছাড়াও, টেসলা গত মাসে এক্সসএআই-তে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের শেষের দিকে স্পেসএক্স শেয়ারবাজারে (IPO) আসার পরিকল্পনা করছে। এই একীভূতকরণ সেই আইপিও-র আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, একীভূত কোম্পানির প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ৫২৭ ডলার।
মাস্কের বলেন, "এটি কেবল স্পেসএক্স বা এক্সএআই-এর নতুন অধ্যায় নয়, এটি মহাবিশ্বকে বোঝার এবং চেতনার আলোকে নক্ষত্র পর্যন্ত পৌঁছে দেওয়ার এক নতুন মহাকাব্য।"
এই একীভূতকরণের ফলে ইলন মাস্ক এখন কেবল একজন উদ্যোক্তা নন, বরং মহাকাশ ও এআই প্রযুক্তির একচ্ছত্র অধিপতি হিসেবে আবির্ভূত হলেন। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এত বড় ক্ষমতা একজনের হাতে থাকা এবং গোপনীয়তা বা নিরাপত্তার বিষয়গুলো ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।