প্রকাশিত:
গতকাল

সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। উত্তপ্ত পরিস্থিতির জেরে ক্ষুব্ধ সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিসিবির গ্রাউন্ডস কমিটির এক ব্রিফিং চলাকালে এই ঘটনা ঘটে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টার দিকে আয়োজিত ওই ব্রিফিংয়ে মাঠ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের অবহিত করেন পাইলট। তবে মূল আলোচনা শেষ হওয়ার পর প্রশ্নোত্তর পর্বে গিয়ে পরিস্থিতি বদলে যায়।
সম্প্রতি বিসিবির কার্যালয় ও স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে এর কারণ হিসেবে ‘নিরাপত্তা ঝুঁকি’র কথা বলা হচ্ছে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে চাইলে প্রশ্নের মুখে পড়েন উপস্থিত বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট। তবে নিরাপত্তা ঝুঁকির সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হন তারা।
একপর্যায়ে এক সাংবাদিক বিষয়টি জোরালোভাবে তুলে ধরলে পাইলট জানান, প্রশ্ন করার ভঙ্গি তার ভালো লাগেনি। সে কারণেই তিনি ওই প্রশ্নের উত্তর দিতে চান না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আলোচ্য সাংবাদিক ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই এমন প্রশ্ন করছেন।
পাইলট আরও বলেন, সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া বা না দেওয়ার বিষয়টি তার বিভাগের আওতাভুক্ত নয়। ফলে এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারবেন না। মাঠ সংশ্লিষ্ট নতুন প্রকল্পগুলো সাংবাদিকরা সরেজমিনে দেখতে পারবেন কি না—এই প্রশ্নেরও তিনি পরিষ্কার উত্তর দেননি। এমনকি প্রকল্পগুলোর বাজেট সংক্রান্ত প্রশ্নও এড়িয়ে যান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান।
শেষ পর্যন্ত এক সাংবাদিকের প্রশ্ন করার ধরনকে ‘অনুপযুক্ত’ আখ্যা দিয়ে ব্রিফিং কক্ষ ত্যাগ করেন খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক। একাধিক প্রশ্নের সদুত্তর না পাওয়া এবং সাংবাদিকদের ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে উপস্থাপন করার বিষয়টি অপমানজনক বলে মনে করেন উপস্থিত সাংবাদিকরা। এর প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন।
এই ঘটনায় বিসিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।