প্রকাশিত:
২১ জানুয়ারী, ২০২৬

বুধবার (২১ জানুয়ারি) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন। স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ঢাকা মহানগর বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন— এই দুইটি স্বতন্ত্র সিটি করপোরেশনে বিভক্ত। উভয় সিটি করপোরেশনই পৃথক ভৌগোলিক সীমানা, বিপুল জনসংখ্যা, স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো ও নাগরিক সেবার দায়িত্ব বহন করছে।
প্রচলিত আইন, প্রশাসনিক ন্যায়সংগততা ও সুশাসনের নীতিমালা অনুযায়ী— একটি সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার থাকা আবশ্যক। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৭৬, সংবিধানের অনুচ্ছেদ ২১ ও ৫৫, এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার মৌলিক দায়িত্বের আলোকে প্রতিটি সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ একটি আইনসঙ্গত ও অপরিহার্য ব্যবস্থা।
বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ না থাকায় প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর তদারকি ব্যাহত হচ্ছে। নাগরিক নিরাপত্তা ও দ্রুত পুলিশি সেবা প্রাপ্তিতে বাধা সৃষ্টি হচ্ছে, যা সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি।
নোটিশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার নিয়োগের জন্য অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।
লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।