প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবেন না—এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি এই কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
রেওয়াজ অনুযায়ী ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির এমপিরা প্রথমে শপথ নিয়েছেন। এখন জামায়াত জোটের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এর আগেই এই কথা জানালের দলটির নেতা।
জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় তাঁদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি এরই মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
তথ্যমতে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে বিএনপি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৭ জন নির্বাচিত সদস্যের গেজেট প্রকাশ করেছে। নিয়ম অনুযায়ী শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং এরপর দায়িত্ব নেবে নতুন সরকার।