প্রকাশিত:
৩০ জানুয়ারী, ২০২৬

শুক্রবার বেলা ১১টায় বগুড়া শহরতলির ছিলিমপুরে অবস্থিত হোটেল নাজ গার্ডেনে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বলেন, “প্রতিবন্ধীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে।” উল্লেখ্য যে, ডা. জোবাইদার পক্ষ থেকেই শিশুদের এই হুইলচেয়ারগুলো উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা তাদের নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য তারেক রহমানকে উপহার দেয়। এ সময় তারা সমস্বরে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি গেয়ে শোনায়। বিএনপি চেয়ারম্যান শিশুদের কথা অত্যন্ত মনোযোগ ও আগ্রহের সাথে শোনেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।
হুইলচেয়ার বিতরণ শেষে তারেক রহমান বগুড়ায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বিভিন্ন স্থান পরিদর্শন করেন। শাকপালা এলাকায় নিজ হাতে গড়া পার্কটি ঘুরে দেখেন তিনি। স্টেশন রোডে তাঁর প্রতিষ্ঠিত এই মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বিনিময় করেন। জুমার নামাজ শেষে মহাস্থানগড়ে গিয়ে হযরত শাহ্ সুলতান বলখী মাহিসওয়ারী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে শিবগঞ্জের মোকামতলায় এক পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। সেখানে বগুড়া-২ আসনের প্রার্থী মীর শাহে আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এরপর তিনি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।