প্রকাশিত:
গতকাল

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এ বিবৃতি দিয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে বলেছে, অবৈধ ও অসাংবিধানিক বলে উল্লেখ করা মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় এবং একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান এর নেতৃত্বে নতুন রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ জাতির জন্য ‘মন্দের ভালো’ হিসেবে বিবেচিত হয়েছে।
বিবৃতিতে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে জাসদ বলেছে, দেশে বিদ্যমান মবতান্ত্রিক পরিস্থিতির অবসান ঘটিয়ে সংবিধান ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। একই সাথে পূর্ববর্তী সরকারের গৃহীত সিদ্ধান্ত, পদক্ষেপ ও কার্যক্রম— বিশেষ করে ‘গায়ের জোরে উল্টে দেওয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–সংক্রান্ত প্রতিহিংসামূলক বিচার কার্যক্রম— অবিলম্বে স্থগিত ও বাতিল করার আহ্বান জানানো হয়েছে।
জাসদ আরও দাবি জানায়, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় আটক দলটির সভাপতি হাসানুল হক ইনুসহ সকল রাজবন্দির মুক্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সব রাজনৈতিক দলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ওপর আরোপিত বাধা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশে রাজনৈতিক স্বাভাবিকতা, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া জরুরি। জাসদ মনে করে, এ ধরনের উদ্যোগই দেশের রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।