প্রকাশিত:
৩০ জানুয়ারী, ২০২৬

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি চুনারুঘাট থানায় হাজির হয়ে মৌখিকভাবে এই অভিযোগ জানান। তাহেরী এই আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী হিসেবে ‘মোমবাতি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তাহেরী জানান, চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় তাঁর দুই কর্মী মাইক দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে প্রচারণার মাইক ছিনিয়ে নেয়। অভিযোগ করা হয়েছে যে, ওই এলাকায় পুনরায় প্রচারণা চালালে তাহেরীকে সশরীরে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
গিয়াস উদ্দিন তাহেরী বলেন, "নির্বাচনের সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থ জড়িত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের এই ধরনের ঘটনা বহুল প্রত্যাশিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।"
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ওসি বলেন,"আমরা তাঁকে (তাহেরী) একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
হবিগঞ্জ-৪ আসনে তাহেরীর এই অভিযোগের পর এলাকায় নির্বাচনী উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটারদের প্রত্যাশা, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।