প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ইশান কিষাণ। এই ফরম্যাটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিতে তিনি খেলেন মাত্র ৪৩ বল। তাঁর ১০৩ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি চার ও ১০টি ছক্কা। অন্য প্রান্তে সূর্যকুমার যাদবও ছিলেন স্বমহিমায়; মাত্র ৩০ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় তিনি করেন ৬৩ রান। তৃতীয় উইকেটে এই জুটি মাত্র ১০ ওভারের কিছু বেশি সময়ে যোগ করেন ১৩৭ রান।
এই ম্যাচে ভারতের ব্যাটাররা মোট ২৩টি ছক্কা হাঁকিয়েছেন, যা কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এক ইনিংসে যৌথভাবে সর্বাধিক ছক্কার রেকর্ড। এর আগে ২০২৪ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাও ২৩টি ছক্কা মেরেছিল।
তবে দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে ভারত নতুন শিখরে পৌঁছেছে। পাঁচ ম্যাচের এই সিরিজে ভারতের মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৬৯টি, যা একটি বিশ্বরেকর্ড। তারা ভেঙে দিয়েছে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের গড়া ৬৪ ছক্কার রেকর্ডটি।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটি পঞ্চম সর্বোচ্চ দলীয় স্কোর। এই তালিকায় শীর্ষে রয়েছে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের করা ৩০৪ রান।