প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী, ২০২৬

এক সপ্তাহের ব্যবধানে লা লিগার শীর্ষস্থানে রদবদল হয়েছে। ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হেরে যাওয়ায় সুযোগ লুফে নিয়েছে বার্সেলোনা। লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আবারও সিংহাসন ফিরে পেয়েছে হান্সি ফ্লিকের দল। ২৫ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৬১ পয়েন্ট, যেখানে সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ঝুলে আছে স্প্যানিশ শ্রেষ্ঠত্বের ভাগ্য।
ইংল্যান্ডে আর্সেনালের একক আধিপত্য এখন হুমকির মুখে। যদিও গত রাতে টটেনহামকে ৪-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে গানাররা, তবে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৫৬। হাতে থাকা ম্যাচটি জিতলে ব্যবধান দাঁড়াবে মাত্র ২ পয়েন্টে। শিরোপা লড়াই এখন গানার বনাম সিটিজেনদের স্নায়ুযুদ্ধে পরিণত হয়েছে।
সিরি ‘আ’ ও বুন্দেসলিগা: শিরোপার পথে ইন্টার ও বায়ার্ন
ইতালি ও জার্মানিতে লড়াইটা এখন অনেকটাই একপেশে।
ইতালি: লিসকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মিলান এখন ধরাছোঁয়ার বাইরে। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪, যেখানে এসি মিলান দাঁড়িয়ে ৫৪ পয়েন্টে। ১০ পয়েন্টের এই বিশাল ব্যবধান ঘুচিয়ে ইন্টারের হাত থেকে ট্রফি ছিনিয়ে নেওয়া প্রায় অসম্ভব।
জার্মানি: ২৩ ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের সংগ্রহ ৬০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়ে দাঁড়িয়ে আছে ৫২ পয়েন্টে। ৮ পয়েন্টের লিড নিয়ে বায়ার্ন এখন থেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।
ফ্রান্সে শীর্ষস্থান নিয়ে পিএসজি ও লাঁসের মধ্যে ইঁদুর-বেড়াল খেলা চলছে। গত সপ্তাহের শীর্ষে থাকা লাঁসকে টপকে আবারও এক নম্বরে উঠেছে পিএসজি। ২৩ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৫৪, আর মোনাকোর কাছে হেরে যাওয়া লাঁসের পয়েন্ট ৫২। ২ পয়েন্টের ব্যবধানে থাকা এই লিগে যেকোনো মুহূর্তেই আবারও নাটকীয় মোড় আসতে পারে।