প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিসিবির পরিচালকদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক বার্তায় বুলবুল জানান, তিনি মেলবোর্নে অবস্থান করলেও বোর্ডের প্রশাসনিক কাজে কোনো স্থবিরতা আসবে না। তিনি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতোই স্বাভাবিক গতিতে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বিসিবি সভাপতি উল্লেখ করেন, প্রবাসে থাকলেও তিনি নিয়মিত অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় থাকবেন এবং যেকোনো প্রয়োজনে তাকে অনলাইনে পাওয়া যাবে।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিসিবির সকল পরিচালক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তার এই সফরটি সংক্ষিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, "ইনশাআল্লাহ, জরুরি কাজগুলো মিটমাট করে আমি শিগগিরই দেশে ফিরব।"
বিসিবির একাধিক পরিচালক বিসিবি সভাপতির এই বার্তার বিষয়টি নিশ্চিত করলেও, তিনি ঠিক কখন ঢাকা ত্যাগ করেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, সোমবারের মধ্যেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন অথবা পৌঁছেছেন।
বিসিবি সভাপতির অনুপস্থিতিতে বোর্ডের রুটিন কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে লক্ষ্যে তিনি ডিজিটাল মাধ্যমে সংযুক্ত থেকে তদারকি করবেন বলে আশ্বস্ত করেছেন।