প্রকাশিত:
২১ জানুয়ারী, ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ আয়োজনের স্থান নিয়ে চলমান বিতর্কের মধ্যে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্তকে সমর্থন করে পিসিবি।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোয় বিষয়টি আলোচনার জন্য আইসিসি একটি বোর্ড সভা ডেকেছে। তবে সেই সভা পিসিবির চিঠির সরাসরি ফল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তবে আইসিসির অবস্থান এ বিষয়ে এখনো কঠোর। সূচি পরিবর্তন বা বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবে তারা এখন পর্যন্ত সম্মত হয়নি। গেল সপ্তাহে বিসিবির সঙ্গে হওয়া আলোচনাতেও আইসিসি একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, তারা গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ক্রিকেট দলকে ভারতে পাঠাবে না। বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা বৈঠক হলেও কোনো পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি।
এর আগে গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি এবং বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। তবে এসব বিষয়ে পিসিবি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রীড়াঙ্গনে উত্তেজনা তৈরি হয়। কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক সম্পর্কের অবনতিকে একটি কারণ হিসেবে দেখা হয়। ওই ঘটনার পরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না।