প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পরই একই কারণ দেখিয়ে বাংলাদেশ জানায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা ভারতে যাবে না। এই ঘটনাপ্রবাহে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ক্রিকেটে রাজনীতির এমন প্রভাবকে মোটেও ইতিবাচক চোখে দেখছেন না আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। তার মতে, খেলাধুলাকে রাজনৈতিক হিসাব-নিকাশের বাইরে রাখাই উচিত।
রশিদ খান বলেন,‘আমার মনে হয় খেলাধুলায় স্পোর্টিং মানসিকতা থাকা জরুরি। আমরা প্রায়ই শুনি, ক্রিকেট আর রাজনীতি একসাথে মেশানো ঠিক নয়। যদি ঠিক না হয়, তাহলে সত্যিই মেশানো উচিত না। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা আছেন।’
তিনি আরও যোগ করেন,‘খেলাধুলার সবচেয়ে বড় শক্তি হলো, এটি মানুষকে এক করে। বিভিন্ন দেশ এক জায়গায় আসে, একে অন্যকে জানে। এটাই খেলাধুলার সৌন্দর্য। আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কোনো কিছুই তা করতে পারত না।’
রশিদের এই বক্তব্য ক্রিকেট বিশ্বে চলমান রাজনৈতিক বিতর্কের মাঝে খেলাকে নিরপেক্ষ ও ঐক্যের মাধ্যম হিসেবে দেখার আহ্বান হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।