প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী, ২০২৬

গত বছরের ৭ ডিসেম্বর ক্রুজেইরোর বিপক্ষে খেলার সময় বাম হাঁটুর মেনিস্কাসে চোট পান নেইমার। এরপর অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। মাঠে নামার পর থেকেই তাঁকে বেশ আত্মবিশ্বাসী ও উদ্যমী দেখা যায়। বেশ কিছু দৃষ্টিনন্দন ড্রিবলিং ও পাসের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, চোট তাঁর ধার কমাতে পারেনি।
ম্যাচ শেষে সান্তোস কোচ হুয়ান পাবলো ভয়ভোদা নেইমারের প্রশংসা করে বলেন, "নেইমারকে সবারই প্রয়োজন—সান্তোসে এবং জাতীয় দলেও। সে বিশ্বমানের খেলোয়াড় এবং এখনও তাঁর জেতার তীব্র ইচ্ছা রয়েছে। সে ভালো খেললে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও খুশি হবেন। নেইমার দলের সাথে থাকলে সবার পারফরম্যান্সই ভালো হয়।"
নেইমারের এখনকার প্রধান লক্ষ্য আগামী জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করতে তিনি এখন পুরোপুরি প্রস্তুত।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ ‘সি’-তে রয়েছে। সেলেসাওরা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। নেইমারের এই প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই ব্রাজিলিয়ান শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।