প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

সঞ্জয় মাঞ্জরেকারের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে ‘বিশ্বকাপ’ তকমা দেওয়া উচিত নয়। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান, তাঁর কাছে ক্রিকেট বিশ্বকাপ মানেই কেবল ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপ। প্রতি দুই বছর অন্তর এই টুর্নামেন্টের আয়োজন এর গাম্ভীর্য কমিয়ে দিচ্ছে বলে তিনি মনে করেন।
মাঞ্জরেকার আইসিসি-কে পরামর্শ দিয়ে লেখেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম পরিবর্তন করে রাখা উচিত ‘দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি’। চার বছর পরপর হওয়া ওয়ানডে বিশ্বকাপের সমমর্যাদায় একে দেখা মোটেও উচিত নয়।"
মাঞ্জরেকার যখন টি-টোয়েন্টি সংস্করণের সমালোচনা করছেন, তখন ভিন্ন সুরে ওয়ানডে ক্রিকেটের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, টেস্টের আভিজাত্য এবং টি-টোয়েন্টি বিনোদনের চাপে ওয়ানডে ফরম্যাট এখন অস্তিত্ব সংকটে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, "২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি আমাকে উদ্বিগ্ন করছে। হয়তো ২০২৭ সালের আসরটিই হবে রোহিত শর্মা ও বিরাট কোহলির শেষ ওয়ানডে বিশ্বকাপ।"
অশ্বিন আরও উল্লেখ করেন যে, দর্শকরা এখন ফরম্যাটের চেয়ে তারকাদের প্রতি বেশি আগ্রহী। ঘরোয়া ক্রিকেটে মুশতাক আলি ট্রফির (টি-টোয়েন্টি) জনপ্রিয়তা যেমন বাড়ছে, বিজয় হাজারে ট্রফি (ওয়ানডে) কেবল তখনই দর্শক টানে যখন কোহলি বা রোহিতের মতো তারকারা মাঠে থাকেন।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে অনেক কিছুই অনিশ্চিত। একদিকে বাংলাদেশের অনুপস্থিতি, অন্যদিকে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দোটানা—সব মিলিয়ে ক্রিকেট বিশ্বে এক অস্থির সময় পার হচ্ছে। এর মধ্যে মাঞ্জরেকারের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের এমন মন্তব্য টুর্নামেন্টের জৌলুস নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিল।