প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী, ২০২৬

টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী নিউজিল্যান্ড এবং এরপর প্রোটিয়াদের মুখোমুখি হতে হয় আফগানদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয় প্রায় হাতের নাগালে থাকলেও পরপর দুটি সুপার ওভার শেষে হার মানতে হয় তাদের। এই পরাজয়ের ফলে পরের ম্যাচগুলো আফগানিস্তানের জন্য কেবল নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়।
অধিনায়ক রশিদ খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "টি-টোয়েন্টিতে একটি ছোট ভুলও ক্ষমা করা হয় না। চার দিনের মধ্যে দুটি শক্তিশালী দলের সঙ্গে খেলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। বড় দলের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করা সবসময়ই আলাদা চাপের, তবে এই অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।"
দলের বিদায়ের সাথে সাথে আফগান ক্রিকেটে শেষ হচ্ছে এক সফল অধ্যায়। দলের প্রধান কোচ জনাথন ট্রট দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ট্রটের কোচিংয়েই আফগানিস্তান বিশ্বমঞ্চে বড় দলগুলোকে হারানোর আত্মবিশ্বাস পেয়েছিল।
কোচ ট্রট সম্পর্কে রশিদ খান বলেন, "কোচ হিসেবে তিনি কেবল মাঠের কৌশল নয়, আমাদের মানসিক উন্নয়নেও বিশাল ভূমিকা রেখেছেন। আফগান ক্রিকেটে তাঁর অবদান অমূল্য ছিল।"
ট্রট পরবর্তী যুগে নতুন কোচের অধীনে মানিয়ে নেওয়া এবং ধারাবাহিকতা বজায় রাখাই এখন আফগানদের মূল লক্ষ্য। সামনে রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বাউন্সি ও গতিময় কন্ডিশনে নিজেদের দক্ষতা ও মানসিকতা প্রমাণ করা রশিদদের জন্য বড় পরীক্ষা হবে।