প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী, ২০২৬

র্যাঙ্কিং থেকে শুরু করে অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে গ্রুপ পর্বের প্রতিপক্ষরা। প্রথমবার এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েদের মুখোমুখি হতে হবে এশীয় ফুটবলের পরাশক্তিদের।
দল ফিফা র্যাঙ্কিং এশিয়ান কাপে অর্জন
উত্তর কোরিয়া ৯ম ৩ বারের চ্যাম্পিয়ন
চীন ১৭তম ৯ বারের চ্যাম্পিয়ন
উজবেকিস্তান ৪৯তম ৫ বার অংশগ্রহণ
বাংলাদেশ ১১২তম প্রথমবারের মতো অংশগ্রহণ
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা ৭৫ ম্যাচে যেমন ১৪৯টি গোল করেছেন, তেমনি হজমও করেছেন ঠিক ১৪৯টি। কিন্তু এশিয়ান কাপের প্রতিপক্ষদের গোল করার ক্ষমতা রীতিমতো ভয়ংকর।
চীন: ৭৫ ম্যাচে ৩শ৭টি গোল করেছে।
উত্তর কোরিয়া: ৫৩ ম্যাচে করেছে ২৪১ গোল।
প্রস্তুতি ম্যাচ: শেষ ৪টি প্রীতি ম্যাচে বাংলাদেশ একটিতেও জেতেনি, উল্টো হজম করেছে ১১ গোল।
এশিয়ান কাপের মতো বড় আসরের আগে জাপানে ক্যাম্প করার কথা থাকলেও তা সফল হয়নি। ফিলিপাইনে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও ভেস্তে গেছে। ফলে ঘরোয়া লিগই ছিল মেয়েদের মূল ভরসা। কিন্তু কোচ পিটার বাটলারের মতে, ৫৫ ম্যাচে ৪১৫ গোলের একপেশে লিগ আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য পর্যাপ্ত নয়।
কোচ পিটার বাটলারের ‘হাইলাইন ডিফেন্স’ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। শক্তিশালী চীন বা কোরিয়ার বিপক্ষে এই কৌশলে খেললে গোলবন্যার আশঙ্কা করছেন ফুটবল বোদ্ধারা। তবে ডিফেন্ডার শিউলি আজিম ও আফঈদা খন্দকাররা লড়াই ছাড়তে নারাজ। আফঈদা বলেন, "রক্ষণ নিয়ে না ভেবে আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে চাই।"
বাংলাদেশের ম্যাচের সময়সূচি
৩ মার্চ: বনাম চীন (৯ বারের চ্যাম্পিয়ন)
৬ মার্চ: বনাম উত্তর কোরিয়া (৩ বারের চ্যাম্পিয়ন)
৯ মার্চ: বনাম উজবেকিস্তান
কোচ বাটলার স্বীকার করেছেন যে চ্যালেঞ্জটা বিশাল। তিনি বলেন, "শেষ কয়েকটা দিন আমরা রক্ষণভাগ গোছানোর ওপরই বেশি জোর দিচ্ছি।" এখন দেখার বিষয়, রূপনা চাকমার বিশ্বস্ত হাত অস্ট্রেলিয়ার মাঠে এশিয়ার পরাশক্তিদের কতটা রুখে দিতে পারে।