প্রকাশিত:
২ ফেব্রুয়ারী, ২০২৬

সোমবার পোখরা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তারের গোল দুটি করে দেয় জয়-পরাজয়ের স্পষ্ট রেখা। ভুটানের বিপক্ষে গোলবন্যা দিয়ে আসর শুরু করা বাংলাদেশ এই জয়ের মাধ্যমে শিরোপা দৌড়ে নিজেদের প্রাধান্য আরও জোরালো করল।
ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামা ভারতের মেয়েরা প্রথম দিকেই কয়েকটি সুযোগ তৈরি করে। পঞ্চম মিনিটে প্রীতিকার শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক ইয়ারজান বেগম। কিছুক্ষণ পর পার্ল ফার্নান্দেজের হেডও লক্ষ্যভেদ করতে পারেনি। তবে ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচে নিজেদের ছন্দে ফেরে বাংলাদেশের মেয়েরা।