প্রকাশিত:
গতকাল

পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে সাকলাইন মুশতাক দক্ষিণ আফ্রিকার পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন এবং ভারতকে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকার পরিকল্পনাগুলো এই ম্যাচে একেবারে কার্যকরী হয়েছে। ভারতকে পুরোপুরি মাটিতে ফেলে দিয়েছে তারা এবং তাদের অপমান করেছে। ভারত যেভাবে সাম্প্রতিক সময়ে সফল হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা তাদের একটি বড় শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিনটি বিভাগেই প্রোটিয়াদের পরিকল্পনা ছিল দুর্দান্ত।"
ভারতের বিপদ আরও বাড়িয়েছে সুপার এইটে গ্রুপ-১ এর অন্য ম্যাচটি। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১০৭ রানের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই বড় ব্যবধানের জয়ের ফলে ক্যারিবীয়দের নেট রানরেট অনেকটা সমৃদ্ধ হয়েছে, যা ভারতকে পয়েন্ট তালিকায় পেছনে ফেলে দিয়েছে। এখন সেমিফাইনালে উঠতে হলে ভারতকে কেবল জিতলেই হবে না, বড় ব্যবধানে জয়ের কঠিন সমীকরণ মেলাতে হবে।
আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ভারতের সামনে। একই দিনে আহমেদাবাদে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচের ফলের ওপরই অনেকটা নির্ভর করবে ভারতের ভাগ্য—বিশেষ করে দক্ষিণ আফ্রিকা জয়ী হলে ভারতের জন্য সমীকরণ কিছুটা সহজ হতে পারে।