প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিরতির নিয়ম ও সময়সূচি
যুক্তরাজ্যে বর্তমানে সূর্যাস্ত হচ্ছে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার (জিএমটি) মধ্যে। ফলে মূলত শনিবারের বিকেল ৫টা ৩০ মিনিট এবং রোববারের বিকেল ৪টা ৩০ মিনিটের ম্যাচগুলোতে এই বিরতির প্রয়োজন পড়তে পারে।
ম্যাচ শুরুর আগেই দুই দলের অধিনায়ক ও ম্যাচ অফিশিয়ালরা আলোচনা করে ঠিক করবেন বিরতির প্রয়োজন আছে কি না।
খেলা চলাকালীন মাঝপথে হুট করে থামানো হবে না। তবে গোলকিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির প্রথম সুযোগেই রেফারি ইফতারের জন্য সংক্ষিপ্ত সময় দেবেন।
এই বিরতিকে কোনোভাবেই দলীয় কৌশলগত ‘টাইম-আউট’ বা পানি পানের বিরতি হিসেবে ব্যবহার করা যাবে না।
২০২১ সালের এপ্রিলে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই নিয়ম কার্যকর করা হয়। সে সময় ম্যাচের প্রায় ৩০ মিনিট পর লেস্টারের ওয়েসলি ফোফানা ও প্যালেসের শেইখু কুয়াতে তরল পানীয় ও এনার্জি জেল খেয়ে ইফতার করেছিলেন। এরপর থেকে প্রতি বছরই লিগ কর্তৃপক্ষ এই ধারা বজায় রাখছে।
বর্তমানে প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহ, উইলিয়াম সালিবা, রায়ান আইত-নুরি ও আমাদ দিয়ালোর মতো অনেক তারকা মুসলিম ফুটবলার খেলছেন। তাঁদের জন্য ক্লাবগুলোও বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।
সাবেক এভারটন মিডফিল্ডার আবদুলায়ে দুকুরে বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "প্রিমিয়ার লিগে আপনি নিজের ধর্মবিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারেন। তারা কখনোই আপনার বিশ্বাসের বিরুদ্ধে কিছু করবে না। অ্যাওয়ে ম্যাচে আমাদের জন্য আলাদা হালাল খাবারের ব্যবস্থা করা হয়, যেন ঘরের আমেজ বজায় থাকে।"
সাবেক লিভারপুল তারকা সাদিও মানেও আগে জানিয়েছিলেন যে, রমজানে মুসলিম খেলোয়াড়দের সুবিধার কথা মাথায় রেখে অনেক ক্লাব তাদের অনুশীলনের সময়সূচিতেও পরিবর্তন আনে।