প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী, ২০২৬

এবারের বিশ্বকাপে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে সমীকরণ এখন সাকিবের পক্ষেই কথা বলছে:
অ্যাডাম জাম্পা: ৩৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট শুরু করা জাম্পা ৪৪ উইকেটে থামলেন। ওমানের বিপক্ষে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেও অস্ট্রেলিয়ার সুপার এইট থেকে বিদায়ের কারণে তাঁর আর এগোনোর সুযোগ নেই।
রশিদ খান: ৪৩ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন রশিদ। তবে আফগানিস্তান সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়ায় তাঁর বিশ্বকাপ মিশনও শেষ হয়েছে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়ে।
ওয়ানিন্দু হাসারাঙ্গা: ৩৭ উইকেট নিয়ে শুরু করা হাসারাঙ্গা আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দারুণ ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট তাঁর বিশ্বকাপ যাত্রা ৪০ উইকেটে থামিয়ে দিয়েছে।
সাকিবের ৫০ উইকেটের রেকর্ড স্পর্শ করতে হলে বর্তমানে টুর্নামেন্টে টিকে থাকা বোলারদের পাড়ি দিতে হবে দুর্গম পথ। বর্তমানে ৩৭টি করে উইকেট নিয়ে সাকিবের পেছনে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ ও দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়া।
ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদকে রেকর্ড ভাঙতে হলে পরবর্তী সর্বোচ্চ ৫ ম্যাচে নিতে হবে ১৪ উইকেট, যা আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত কঠিন একটি কাজ। অন্যদিকে, আনরিখ নর্কিয়া প্রোটিয়া একাদশে নিয়মিত সুযোগ পাবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
সব মিলিয়ে মাঠের পারফরম্যান্স আর ভাগ্যের সহায়তায় সাকিব আল হাসানের সিংহাসন এই বিশ্বকাপেও অটুট থাকার সম্ভাবনাই প্রবল।