প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সোমবার ইনস্টাগ্রামে এক পোস্টে সানিয়া দাবি করেন, ইমাদ ওয়াসিম একজন ‘খুনি ও প্রতারক’। তিনি লেখেন, “২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে সে (ইমাদ) জোরপূর্বক আমার গর্ভপাত করিয়েছে। সে একজন খুনি এবং আমার কাছে এর প্রমাণ হিসেবে ভিডিও আছে। প্রতারক অবশেষে সবার সামনে ধরা পড়েছে।”
সানিয়া আরও জানান, ইমাদের এই কর্মকাণ্ডের প্রভাব সরাসরি তাঁর সন্তানদের ওপর পড়েছে। তিনি তাঁর সন্তানদের জন্য এবং গত কয়েক বছর যা সহ্য করেছেন, তার ন্যায়বিচার দাবি করেছেন। এমনকি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডকেও বয়কট করার ডাক দিয়েছেন তিনি।
এদিকে ৩৭ বছর বয়সী ইমাদ ওয়াসিম নাইলা রাজাকে বিয়ে করার খবর জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। জীবনের এই সময়কে ‘সবচেয়ে কঠিন অধ্যায়’ হিসেবে বর্ণনা করে ইমাদ লিখেছেন, “আল্লাহর রহমত ও বাবা-মায়ের নির্দেশনায় আমি এখন নাইলাকে বিয়ে করেছি। অনেক ভেবে এবং পরিষ্কার উদ্দেশ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে নতুন জীবন গড়তে চাই।”
সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নাইলাকে নিয়ে যে সমালোচনা হচ্ছিল, তার প্রতিবাদ করে ইমাদ বলেন, নাইলা তাঁর জীবনে শান্তি ও মর্যাদা নিয়ে এসেছে।
২০১৯ সালে সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইমাদ ওয়াসিম। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে। গত বছরের ডিসেম্বরে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ইমাদ। পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের ব্যক্তিগত জীবনের এই বিতর্ক এখন সামাজিক মাধ্যমে আলোচনার তুঙ্গে।