প্রকাশিত:
গতকাল

কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত একটি বয়সভিত্তিক ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মানিক গুপ্ত। খেলা চলাকালীন হঠাৎ কোথা থেকে একঝাঁক মৌমাছি মাঠে ঢুকে পড়ে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের ওপর আক্রমণ শুরু করে। এতে মাঠে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে; খেলোয়াড় ও দর্শকরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।
মৌমাছির কামড়ে গুরুতর আহত মানিক গুপ্তকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি সেখানে শেষনিশ্বাস ত্যাগ করেন। একই ঘটনায় আহত হয়েছেন আরেক আম্পায়ার জগদীশ শর্মা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, জগদীশ শর্মা বর্তমানে শঙ্কামুক্ত।
নিহত মানিক গুপ্ত দীর্ঘ ৩০ বছর ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থেকে আঞ্চলিক ও বয়সভিত্তিক ক্রিকেটে আম্পায়ারিং করে আসছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে কানপুরের ক্রীড়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ক্রীড়া সংগঠকরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ক্রিকেট মাঠে মৌমাছির আক্রমণ এটিই প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে তিরুবনন্তপুরমে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার একটি ম্যাচ মৌমাছির আক্রমণের কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এর আগে আন্তর্জাতিক বা স্বীকৃত কোনো ম্যাচে আম্পায়ারের প্রাণহানির মতো এমন হৃদয়বিদারক ঘটনা শোনা যায়নি।